সঙ্কট চরমে: ১৪ কেজির বদলে এবার মিলবে অর্ধেক এলপিজি সিলিন্ডার

সঙ্কট চরমে: ১৪ কেজির বদলে এবার মিলবে অর্ধেক এলপিজি সিলিন্ডার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজি সরবরাহে বড়সড় ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় আমদানিনির্ভর ভারতের রান্নার গ্যাসের ভাঁড়ারে টান পড়েছে। এই সঙ্কট মোকাবিলায় গৃহস্থালির ১৪.২ কেজি সিলিন্ডারের পরিবর্তে ৭ বা ১০ কেজি গ্যাস দেওয়ার প্রাথমিক পরিকল্পনা করছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

গ্যাসের পরিমাণ কমানো হলেও সিলিন্ডার বুকিংয়ের নিয়মে কোনো শিথিলতা আনছে না কেন্দ্র। অর্থাৎ, নির্দিষ্ট দিনের ব্যবধানে বুকিং করার যে ঊর্ধ্বসীমা রয়েছে, তা বহাল থাকবে। এর ফলে সাধারণ গ্রাহকদের রান্নার গ্যাসের ব্যবহার কমাতে বাধ্য হতে হবে। পাশাপাশি, বাণিজ্যিক সিলিন্ডারের জোগান সাময়িকভাবে বাড়ানোর কথা বলা হলেও ভবিষ্যতে সেখানেও সঙ্কটের আশঙ্কা করা হচ্ছে। ওজনের ভিত্তিতেই সিলিন্ডারের নতুন দাম নির্ধারিত হবে।

এদিকে গ্যাস বুকিং ও ডেলিভারি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি অব্যাহত রয়েছে। অনেক গ্রাহক বুকিং করার পর রেফারেন্স নম্বর পেলেও ডেলিভারি অথেন্টিকেশন কোড বা ডিএসি পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ডিস্ট্রিবিউটরদের মতে, এই নিয়ন্ত্রণ সম্পূর্ণ তেল সংস্থাগুলির হাতে থাকায় তাঁদের কিছু করার নেই। যুদ্ধের আবহে আমদানির ওপর ৬০ শতাংশ নির্ভরশীল ভারত সরকার এখন বিকল্প ব্যবস্থার খোঁজে মরিয়া হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *