সঞ্জয়-নোরার নাচ ‘হারাম’, ফতোয়া জারি করে গান নিষিদ্ধের দাবি মৌলবীদের

‘কেডি: দ্য ডেভিল’ ছবির একটি চটুল গানকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। আলিগড়ের প্রথিতযশা আলেম মুফতি মাওলানা ইব্রাহিম হোসেন এই গানে ব্যবহৃত দৃশ্যগুলোকে ‘অশ্লীল’ ও ‘কুরুচিকর’ আখ্যা দিয়ে ফতোয়া জারি করেছেন। তাঁর মতে, এ ধরনের চিত্রায়ন ইসলামি শিক্ষার পরিপন্থী এবং ধর্মীয় নীতি অনুযায়ী গান বা নাচ প্রচার করা ‘হারাম’ ও ‘গুনাহ-এ-কবিরা’।
২০২৬ সালের ১৪ মার্চ মুক্তি পাওয়া এই গানে সঞ্জয় দত্তের সঙ্গে নোরার শরীরী অঙ্গভঙ্গি ও গানের কথা নিয়ে নেটপাড়ায় তীব্র নিন্দা শুরু হয়। দর্শকদের একাংশের দাবি, এই পরিবেশনা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই গানটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। মাওলানা ইব্রাহিম সতর্ক করেছেন যে, এ ধরনের অশ্লীলতা যুবসমাজের ওপর কুপ্রভাব ফেলে সামাজিক অবক্ষয় ত্বরান্বিত করে।
আগামী ৩০ এপ্রিল ছবিটির মুক্তি পাওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে নির্মাতারা গভীর চিন্তায় পড়েছেন। সত্তরের দশকের ডান্স বারের আদলে তৈরি এই সেট এবং নোরার বিতর্কিত ‘হুক স্টেপ’ নিয়ে তৈরি হওয়া আইনি ও ধর্মীয় জটিলতা ছবির ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিতর্কিত অংশ বাদ দিয়ে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় কি না, এখন সেটাই দেখার বিষয়।