সতর্ক না হলে ফাঁকা হবে ব্যাংক অ্যাকাউন্ট, আজই ডিলিট করুন স্মার্টফোনের এই বিপজ্জনক অ্যাপগুলি

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। খাবার অর্ডার করা থেকে শুরু করে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট—সবই এখন অ্যাপের মাধ্যমে সম্পন্ন হয়। তবে এই সুবিধার আড়ালে লুকিয়ে আছে বড় বিপদ। সম্প্রতি এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে, আপনার ফোনে থাকা বেশ কিছু অ্যাপ নিঃশব্দে ব্যক্তিগত তথ্য চুরি করছে, যা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার ক্ষমতা রাখে।
বিশেষজ্ঞরা এই ধরনের অ্যাপগুলিকে ‘ডেটা হাংরি অ্যাপস’ হিসেবে চিহ্নিত করেছেন। এই অ্যাপগুলি প্রয়োজনের তুলনায় অনেক বেশি পারমিশন বা অনুমতি চেয়ে থাকে এবং ব্যবহারকারীর অজান্তেই অনবরত ডেটা সংগ্রহ করতে থাকে। আপনার বর্তমান অবস্থান বা লোকেশন, কন্টাক্ট লিস্ট, ব্রাউজিং হিস্ট্রি এমনকি কেনাকাটার তথ্যও এই অ্যাপগুলির নাগালে চলে যায়, যা সাইবার নিরাপত্তার জন্য বড় ঝুঁকি।
বিশেষত টর্চ অ্যাপ, থার্ড পার্টি হেলথ অ্যাপ এবং অপ্রয়োজনীয় নেভিগেশন অ্যাপের ক্ষেত্রে ব্যবহারকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। স্মার্টফোনে ইন-বিল্ট টর্চ থাকা সত্ত্বেও অনেকে আলাদা অ্যাপ ডাউনলোড করেন, যা ব্যক্তিগত তথ্য চুরির সহজ মাধ্যম হয়ে ওঠে। একইভাবে অনেক হেলথ অ্যাপ ব্যবহারকারীর শারীরিক অবস্থা ও গতিবিধির তথ্য বিমা বা ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে।
শপিং অ্যাপগুলির বিরুদ্ধেও ব্যবহারকারীর পছন্দ-অপছন্দ এবং সার্চ হিস্ট্রি ট্র্যাক করার গুরুতর অভিযোগ উঠেছে। আমাজন বা শিন-এর মতো প্ল্যাটফর্মগুলি আপনার লোকেশন এবং কেনাকাটার তথ্য ব্যবহার করে বিজ্ঞাপনের জালে জড়িয়ে ফেলে। যদিও সংস্থাগুলি মাইক্রোফোন ব্যবহারের কথা অস্বীকার করে, তবুও ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে তারা সহজেই আপনার গোপনীয়তা লঙ্ঘন করতে পারে।
ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ফোনে কেবল প্রয়োজনীয় অ্যাপগুলিই রাখা উচিত। কোনো অ্যাপ ইনস্টল করার সময় সেটি কী কী অনুমতি চাইছে, তা খতিয়ে দেখা জরুরি। অপ্রয়োজনীয় অ্যাপগুলি ফোন থেকে অবিলম্বে সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। এছাড়া ফোনের সেটিংস থেকে নিয়মিত অ্যাপ পারমিশন চেক করা এবং লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখা আপনার আর্থিক ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করবে।