সতর্ক হোন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটররা, আইটি নিয়মে বড় রদবদল আনল কেন্দ্র

হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে যারা নিয়মিত পোস্ট বা রিল শেয়ার করেন, তাদের জন্য জারি হয়েছে কড়া সতর্কতা। কেন্দ্র সরকার এবার ডিজিটাল দুনিয়ায় শৃঙ্খলা বজায় রাখতে এবং ব্যবহারকারীদের সুরক্ষায় আইটি রুলস ২০২১-এ আমূল পরিবর্তন এনেছে। নতুন এই নির্দেশিকার ফলে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি সাধারণ ব্যবহারকারী এবং কনটেন্ট ক্রিয়েটরদের দায়বদ্ধতাও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, এখন থেকে সোশ্যাল মিডিয়া এবং টেক জায়ান্টরা আর নিজেদের খেয়ালখুশি মতো চলতে পারবে না।
ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থতাকারী প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব, গুগল এবং এমনকি নেটফ্লিক্সের মতো সংস্থাগুলো এখন সরাসরি সরকারি নজরদারির আওতায় আসবে। নতুন নিয়মে ইউজার ডেটা বা ব্যবহারকারীর তথ্য সংরক্ষণের বিষয়ে কোনো প্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না। এতদিন অনেক সংস্থা সরকারি নির্দেশিকাকে নিছক পরামর্শ হিসেবে গণ্য করলেও, এখন থেকে প্রতিটি পদক্ষেপের আইনি ভিত্তি এবং লিখিত জবাবদিহি নিশ্চিত করতে হবে। তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কো ম্পা নিগুলোকে নির্দিষ্ট সময় পর্যন্ত ডেটা সংরক্ষণ করে রাখতে হবে।
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে রুল ৮-এ, যা সংবাদ এবং সমসাময়িক ঘটনাবলি সংক্রান্ত কনটেন্টের ওপর কঠোর নজরদারি চালাবে। এখন থেকে শুধুমাত্র নিউজ পাবলিশার্স নয়, সাধারণ ব্যবহারকারী যদি কোনো খবর হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ড করেন বা ফেসবুকে শেয়ার করেন, তবে সেই প্ল্যাটফর্মকে তার সত্যতা নিশ্চিত করতে হবে। যদি কোনো খবর ভুল হয় বা আতঙ্ক ছড়ানোর সম্ভাবনা থাকে, তবে তা রুখতে প্ল্যাটফর্মগুলো বাধ্য থাকবে। অন্যথায় সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথ প্রশস্ত করা হয়েছে।
অভিযোগ নিবারণ প্রক্রয়াকেও আরও শক্তিশালী করা হয়েছে। ‘কোড অফ এথিক্স’ বা নীতিসংহিতা লঙ্ঘিত হলে তা খতিয়ে দেখতে নিয়মিত বসবে বিশেষ কমিটি। এই কমিটি কেবল অভিযোগ গ্রহণ বা বর্জন করবে না, বরং সরাসরি মন্ত্রককে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। ডিজিটাল মাধ্যমে শৃঙ্খলা ফেরাতে এবং গুজব ছড়ানো বন্ধ করতে সরকারের এই কড়া পদক্ষেপ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এক বড় বার্তা। ডিজিটাল দুনিয়ায় যেকোনো পোস্ট শেয়ার করার আগে এখন থেকে অধিকতর সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয়।