সন্তানদের হাতে স্মার্টফোন দেওয়ার আগে সাবধান! দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারে শিশুদের মস্তিষ্কে ভয়াবহ প্রভাব

সন্তানদের হাতে স্মার্টফোন দেওয়ার আগে সাবধান! দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহারে শিশুদের মস্তিষ্কে ভয়াবহ প্রভাব

বর্তমান সময়ের ডিজিটাল যুগে শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণা এই অভ্যাস নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। প্রায় ৭,০০০ শিশুর ওপর পরিচালিত এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিখ্যাত ‘সাইকোলজিক্যাল বুলেটিন’ জার্নালে। গবেষকরা সতর্ক করে জানিয়েছেন যে, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ‘রিলস’ দেখার নেশা শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে মারাত্মক বাধা সৃষ্টি করছে।

গবেষণায় স্মার্টফোন বা মোবাইল স্ক্রিনের অতিরিক্ত আসক্তিকে শিশুদের মনের জন্য ‘জাঙ্ক ফুড’-এর সঙ্গে তুলনা করা হয়েছে। যেভাবে অস্বাস্থ্যকর খাবার শরীরের ক্ষতি করে, ঠিক সেভাবেই স্মার্টফোন শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। এর ফলে অল্প বয়সেই শিশুদের মধ্যে স্মৃতিশক্তি হ্রাস, মনোযোগের অভাব এবং শেখার ক্ষমতা কমে যাওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দিচ্ছে। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে তাদের সৃজনশীলতাও ক্রমশ লোপ পাচ্ছে।

গবেষকদের মতে, পড়াশোনা বা গৃহকর্মের সময় মোবাইল ব্যবহার শিশুদের নিজস্ব চিন্তাশক্তিকে মন্থর করে দেয়। এটি তাদের নতুন কিছু অন্বেষণ করার আগ্রহ কমিয়ে দিচ্ছে এবং দীর্ঘমেয়াদে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে তুলছে। এর পাশাপাশি, যেসব শিশু ফোনের পেছনে বেশি সময় ব্যয় করে, তারা ক্রমশ সমাজবিচ্ছিন্ন ও অন্তর্মুখী হয়ে পড়ছে। অন্যদের সঙ্গে কথা বলার আগ্রহ কমে যাওয়ায় ভবিষ্যতে তাদের কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি বাড়ছে।

বিশেষজ্ঞরা অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন যে, অতি প্রয়োজন ছাড়া শিশুদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া থেকে বিরত থাকতে হবে। সন্তানের ভবিষ্যৎ ও মানসিক সুস্থতার স্বার্থে এখনই তাদের ডিজিটাল অভ্যাসের ওপর নিয়ন্ত্রণ আনা অত্যন্ত জরুরি। নিয়মিত খেলাধুলা এবং সামাজিক মেলামেশার মাধ্যমে শিশুদের এই আসক্তি থেকে দূরে রাখার ওপর জোর দিয়েছেন গবেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *