সন্ন্যাস ছেড়ে বৈবাহিক জীবনে ‘আইআইটি বাবা’, মহাকুম্ভের আলোচিত অভয়ের আকস্মিক বিয়ে

এককালে সন্ন্যাস গ্রহণ করে দেশজুড়ে আলোচিত হওয়া ‘আইআইটি বাবা’ অভয় সিং আধ্যাত্মিকতার পথ ছেড়ে এবার দাম্পত্য জীবনে পা রেখেছেন। মহাকুম্ভে নিজের বুদ্ধিদীপ্ত কথার জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই যুবক সম্প্রতি কর্নাটকের বাসিন্দা প্রীতিকাকে বিয়ে করেছেন। পেশায় ইঞ্জিনিয়ার প্রীতিকার সঙ্গে গত ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি এবং ১৯ ফেব্রুয়ারি তাঁদের আইনি বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর স্ত্রীকে নিয়ে হরিয়ানার ঝাজ্জরে নিজের বাড়িতে আচমকা উপস্থিত হন অভয়। পেশায় আইনজীবী বাবার আশীর্বাদ নিতে এবং ব্যাঙ্কের কেওয়াইসি সংক্রান্ত কাজ মেটাতেই তাঁর এই আকস্মিক আগমন। অভয় জানান, প্রায় এক বছর আগে প্রীতিকার সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। বাড়ির সদস্যদের অগোচরেই বিয়ের কাজ সারেন তিনি, যা নিয়ে বর্তমানে এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দম্পতি জানিয়েছেন, আগামীতে তাঁরা দুজনে মিলে সনাতন ধর্ম প্রচারের কাজ চালিয়ে যাবেন। তাঁদের পরিকল্পনা রয়েছে একটি ‘সনাতন বিশ্ববিদ্যালয়’ গড়ে তোলার, যেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক সাধনার সুযোগ থাকবে। সন্ন্যাসী জীবন থেকে সাধারণ সংসারী জীবনে ফিরে আসার এই সিদ্ধান্তকে অভয় তাঁর জীবনের এক নতুন ইনিংস হিসেবে অভিহিত করেছেন।