সফরসূচিতে বদল: রবি রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

পূর্বনির্ধারিত সূচি পরিবর্তন করে দু’দিনের বঙ্গ সফরে রবিবার রাতেই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফের বিশেষ বিমানে রাত ৯টা ৫০ মিনিটে কলকাতা বিমানবন্দরে নেমে তিনি নিউটাউনের একটি বেসরকারি হোটেলে রাত্রিযাপন করবেন। সোমবার সকালে সড়কপথে বিমানবন্দর হয়ে হেলিকপ্টারে তিনি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির উদ্দেশে রওনা দেবেন।
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি স্টেডিয়াম থেকে সোমবার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করবেন অমিত শাহ। তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলাকে রাজনৈতিকভাবে নিশানা করতেই শাহের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এই সভা থেকে অনুপ্রবেশ ও এসআইআর-এর মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি ফের সুর চড়াতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
রায়দিঘির রাজনৈতিক কর্মসূচি শেষ করে সোমবার দুপুরেই বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাঁর এই সফর এবং রায়দিঘিকে কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেওয়া রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। একই দিনে রাজ্যের আরও চারটি প্রান্ত থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।