সময় শেষ এখন এসে লাভ নেই, উত্তরপাড়ায় মমতার সফর ঘিরে তোপ মীনাক্ষী মুখোপাধ্যায়ের

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠতেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় রবিবার এলাকায় এক বর্ণাঢ্য প্রচার কর্মসূচি পালন করেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিপুল উন্মাদনার মধ্য দিয়ে এদিন নিজের জনসংযোগ সারেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী জানান, এই লড়াই কেবল নির্বাচনে জেতার জন্য নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে চলা দুর্নীতির হাত থেকে পশ্চিমবঙ্গ এবং উত্তরপাড়াকে বাঁচানোর লড়াই। দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে গণ-উদ্যোগ আজ রাজপথে আছড়ে পড়ছে বলে তিনি দাবি করেন।
রাজ্যের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে বিজেপি ও তৃণমূল উভয় পক্ষকেই কড়া ভাষায় আক্রমণ করেছেন মীনাক্ষী। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি যেমন অস্থিরতা তৈরি করছে, তৃণমূল সেই আগুনে ঘি ঢেলে সাধারণ মানুষকে আরও আতঙ্কিত করে তুলছে। উত্তরপাড়া কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াইয়ের সমীকরণ তৈরি হয়েছে। এখানে সিপিআইএম-এর মীনাক্ষীর বিপরীতে তৃণমূলের প্রার্থী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন এনএসসি কম্যান্ডো দীপাঞ্জন চক্রবর্তী।
আগামী ৮ এপ্রিল উত্তরপাড়ার পার্শ্ববর্তী শ্রীরামপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য সফর নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বামফ্রন্টের এই তরুণ নেত্রী। মীনাক্ষীর মতে, মুখ্যমন্ত্রীর আরও অনেক আগে আসা উচিত ছিল এবং এলাকার বেহাল রাস্তাঘাট ও হাসপাতালের দশা খতিয়ে দেখা প্রয়োজন ছিল। তিনি বলেন, “এখন হাত থেকে বালি বেরিয়ে গেছে, এখন আর এসে কোনো লাভ নেই।” উল্লেখ্য, রাজ্যে দুই দফায় ভোট গ্রহণ করা হবে—২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। ৪ মে ফলাফল ঘোষণা। এবারের নির্বাচনে মীনাক্ষী ছাড়াও দীপ্সিতা ধর, কলতান দাশগুপ্ত ও সায়নদীপ মিত্রের মতো তরুণ মুখদের ওপর ভরসা রেখেছে বাম নেতৃত্ব।