সমুদ্রতলের ইন্টারনেট কেবল কি যুদ্ধের পরবর্তী লক্ষ্য? হরমুজ ও লোহিত সাগরে বাড়ছে চরম উদ্বেগ

আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সংঘাতের জেরে এবার বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা অচল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হরমুজ প্রণালী ও লোহিত সাগরের তলদেশ দিয়ে যাওয়া ফাইবার-অপটিক কেবলগুলো বৈশ্বিক ডিজিটাল যোগাযোগের মূল ধমনী। ইরান ও হুথি বিদ্রোহীদের হুমকির মুখে এই সাবমেরিন কেবলগুলো ক্ষতিগ্রস্ত হলে বিশ্বজুড়ে ব্যাঙ্কিং, ই-মেল এবং এআই পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
লোহিত সাগর দিয়ে অন্তত ১৭টি এবং হরমুজ প্রণালী দিয়ে টাটা-টিজিএন-এর মতো গুরুত্বপূর্ণ কেবল সংযোগ রয়েছে, যা ভারতের আন্তর্জাতিক ডেটা আদান-প্রদানের বড় অংশ বহন করে। বর্তমানে এই অঞ্চলে মাইন পুঁতে রাখা এবং সামরিক উত্তেজনার কারণে ক্ষতিগ্রস্ত কেবল মেরামত করাও আসাম্ভব হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই জলপথগুলো বন্ধ হলে বৈশ্বিক স্তরে এক ভয়াবহ ডিজিটাল বিপর্যয় নেমে আসতে পারে।
এই কেবল নেটওয়ার্কের ওপর আমাজন ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্টদের বিশাল বিনিয়োগ রয়েছে। সমুদ্রের অগভীর অংশে থাকা এই কেবলগুলো ইচ্ছাকৃতভাবে কাটা হলে বা মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব শুধু গালফ দেশগুলোতেই নয়, ভারতসহ সারা বিশ্বে পড়বে। ইন্টারনেটের গতি কমে যাওয়ার পাশাপাশি শেয়ার বাজার ও চিকিৎসা পরিষেবাও থমকে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারে ঠেলে দেবে।