সমুদ্রে ভারতের সাইলেন্ট পাওয়ার, এক সপ্তাহে নৌসেনায় যুক্ত হলো ৪টি হাইটেক যুদ্ধজাহাজ

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার ক্রমবর্ধমান উত্তেজনার আবহে সমুদ্রসীমায় সামরিক শক্তি বহুগুণ বাড়িয়ে নিল ভারত। মাত্র সাত দিনের ব্যবধানে চারটি অত্যাধুনিক ও শক্তিশালী যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত হয়েছে ভারতীয় নৌবাহিনীতে। বিশাখাপত্তনমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ আনুষ্ঠানিকভাবে স্টিলথ ফ্রিগেট ‘আইএনএস তারাগিরি’ (F41) কমিশন করবেন। এর আগে ৩০ ও ৩১ মার্চ গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক নৌসেনার হাতে তুলে দিয়েছে।
মঝগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড দ্বারা নির্মিত ৬৬৭০ টনের ‘আইএনএস তারাগিরি’ রাডারকে ফাঁকি দিতে সক্ষম এক আধুনিক রণতরী। এটি ব্রহ্মোস মিসাইল ও বরাক-৮ এর মতো মারণাস্ত্র এবং উন্নত প্রযুক্তির সোনার সিস্টেমে সজ্জিত। অন্যদিকে, আইএনএস দুনাগিরিও একটি স্টিলথ ফ্রিগেট যা পূর্ব উপকূলের নিরাপত্তা নিশ্চিত করবে। এই তালিকায় আরও রয়েছে সাবমেরিন ধ্বংসকারী জাহাজ আইএনএস অগ্রয় এবং সমুদ্রের গভীরতা ও মানচিত্র তৈরির জন্য অত্যাধুনিক সার্ভে ভেসেল আইএনএস সংশোধক।
এই জাহাজগুলোর প্রায় ৮০ শতাংশ প্রযুক্তি দেশীয় পদ্ধতিতে তৈরি, যা ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের বড় সাফল্য। বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ রুট ও ভারত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে এই যুদ্ধজাহাজগুলো গেমচেঞ্জার হিসেবে কাজ করবে। মাত্র এক সপ্তাহে ৪টি রণতরী মোতায়েন ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।