সরকারি কর্মীর ইচ্ছার বিরুদ্ধে পদোন্নতি নয়: ঐতিহাসিক রায় তেলঙ্গানা হাইকোর্টের

তেলঙ্গানা হাইকোর্ট এক তাৎপর্যপূর্ণ রায়ে জানিয়েছে যে, কোনো সরকারি কর্মচারীকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে পদোন্নতি গ্রহণে বাধ্য করতে পারে না রাজ্য সরকার। প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি জি এম মহিউদ্দিনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে, জনস্বার্থের দোহাই দিয়ে কাউকে পদোন্নতি নিতে বাধ্য করা আইনত সমর্থনযোগ্য নয়। এই রায়ের মাধ্যমে আদালত পূর্ববর্তী একটি একক বিচারপতির নির্দেশ বাতিল করে সংশ্লিষ্ট কর্মচারীর অধিকারকে স্বীকৃতি দিয়েছে।
মামলাটির সূত্রপাত সেকেন্দ্রাবাদের গান্ধী মেডিক্যাল কলেজের চক্ষুবিভাগের সিনিয়র অধ্যাপক ড. কে রবিশেখর রাওয়ের আবেদনকে কেন্দ্র করে। ২০২৫ সালে রাজ্য সরকার তাঁকে মাহাবুবাবাদ সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে উন্নীত করার নির্দেশ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ব্যক্তিগত দায়বদ্ধতা এবং অশীতিপর মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই পদোন্নতি নিতে অস্বীকার করেছিলেন, যা নিয়ে আইনি লড়াই শুরু হয়।
আদালত গত ১৭ মার্চের নির্দেশে ‘তেলঙ্গানা স্টেট অ্যান্ড সাব-অর্ডিনেট সার্ভিস রুলস, ১৯৯৬’-এর ১১ (খ) ধারা উল্লেখ করে ড. রাওয়ের পক্ষে রায় দেয়। বিচারপতিরা জানান, পদোন্নতির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পূর্ণ অধিকার কর্মচারীর রয়েছে এবং প্রশাসন জোরপূর্বক তা চাপিয়ে দিতে পারে না। এই রায় সরকারি চাকরিতে পদোন্নতি সংক্রান্ত আইনি জটিলতা নিরসনে একটি বড় নজির হয়ে থাকবে।