সরকারি টাকাতেই কি তৃণমূলের সভা? মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

তৃণমূলের রাজনৈতিক জনসভায় দেদার ওড়ানো হচ্ছে জনসাধারণের করের টাকা! এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যের পূর্ত দফতর বা PWD এখন কার্যত শাসকদলের ‘ইভেন্ট ম্যানেজার’ হিসেবে কাজ করছে। হেলিপ্যাড নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম— সভার যাবতীয় এলাহি আয়োজনে সরকারি তহবিল ব্যবহারের তথ্য সামনে এনে তোলপাড় ফেলে দিয়েছেন তিনি।
শুভেন্দুর অভিযোগ অনুযায়ী, সভাস্থলে যাতায়াতের অস্থায়ী রাস্তা, বড় হ্যাঙ্গার, ব্যারিকেড, এমনকি জেনারেটর ও এলইডি ডিসপ্লের খরচও মেটানো হচ্ছে সরকারি কোষাগার থেকে। শুধু তাই নয়, সরকারি কর্মীদের নির্বাচনী প্রচারে নামিয়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগ তুলেছেন তিনি। এই দুর্নীতির তদন্ত চেয়ে এবং অপব্যয় হওয়া টাকা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের থেকে আদায়ের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা।
পাল্টা চালে প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভবানীপুরে শুভেন্দুর জোরদার প্রচারের মধ্যেই দলীয় কর্মীদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। ভোট গণনার সময় ‘লোডশেডিং’ কারচুপির আশঙ্কা প্রকাশ করে স্ট্রং রুমে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। ভোটের উত্তাপে এখন সরগরম বাংলার রাজনীতি।