সরকারি হাসপাতালের ওষুধ পাচার চক্রের পর্দাফাঁস, দিল্লিতে গ্রেপ্তার ৫

সরকারি হাসপাতালের ওষুধ পাচার চক্রের পর্দাফাঁস, দিল্লিতে গ্রেপ্তার ৫

রাজধানীর সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ বিনামূল্যে বিতরণের ওষুধ চুরির এক বিশাল চক্রের হদিশ পেয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে দিল্লির তিস হাজারি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ঘটনার মূল পান্ডা নীরজ কুমারসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয়েছে প্রায় ৭০ লক্ষ টাকার বহুমূল্য অ্যান্টিবায়োটিক ও জীবনদায়ী ওষুধ, যার প্রতিটি প্যাকেটে ‘বিক্রির জন্য নয়’ বলে স্পষ্ট উল্লেখ ছিল।

তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। চুরির এই কারসাজিতে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালের ফার্মাসিস্ট বিনেশ কুমার ও চুক্তিভিত্তিক কর্মী প্রকাশ মেহতা সরাসরি যুক্ত ছিলেন। তারা স্টকের রেকর্ডে কারচুপি করে দীর্ঘ দেড় বছর ধরে সরকারি ওষুধ পাচার করছিলেন। পুলিশ এই দু’জনকেও গ্রেপ্তার করেছে। চক্রটি বিভিন্ন শহরের দালালদের মাধ্যমে এই অবৈধ কারবার পরিচালনা করত।

উত্তরপ্রদেশের পাইকারি ওষুধ ব্যবসায়ী নীরজ এই চক্রের মূল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করত। তার সহযোগীরা হাসপাতাল থেকে নিয়মিত ওষুধ সরিয়ে বাজারে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিল। পুলিশ এই ঘটনায় ক্রাইম ব্রাঞ্চ থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। সরকারি সম্পদ চুরি ও জনস্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি খেলার এই ঘটনায় জড়িত বাকি অপরাধীদের ধরতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *