সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে টাকা খুশির জোয়ার কয়েক হাজার খেতমজুরের পরিবারে

সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে টাকা খুশির জোয়ার কয়েক হাজার খেতমজুরের পরিবারে

রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে এবার সরাসরি আর্থিক সহায়তার সুবিধা পেতে শুরু করেছেন রাজ্যের খেতমজুররা। সোমবার থেকেই তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় ইতিমধ্যে ৩ হাজার ২৯ জন খেতমজুরের অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে গিয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, দুই কিস্তিতে মোট চার হাজার টাকা পাবেন যোগ্য আবেদনকারীরা। ধাপে ধাপে প্রায় সাড়ে চার লক্ষ খেতমজুর এই প্রকল্পের আওতায় আসতে চলেছেন।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল জানিয়েছেন, জেলায় মোট ৫ লক্ষ ৭৯ হাজার ১৯৫ জন এই সুবিধার জন্য আবেদন করেছিলেন। আবেদনপত্র যাচাইয়ের পর প্রকৃত খেতমজুরদের চিহ্নিত করে পর্যায়ক্রমে টাকা পাঠানো হচ্ছে। এই উদ্যোগের ফলে উপকৃত হওয়া গলসির খেতমজুর প্রণব পাত্র জানান, অন্যের জমিতে কাজ করে সংসার চালানো মানুষের কাছে বছরে চার হাজার টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অর্থ তাঁদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে।

কৃষিদপ্তর সূত্রে খবর, শুধু সরাসরি টাকা দেওয়াই নয়, গত এক বছরে বহু পরিবারকে চাষযোগ্য পাট্টা জমিও দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকবন্ধু ও শস্যবিমা প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াচ্ছে সরকার। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মিঠু মাঝির মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়ন করে দেখাচ্ছেন। কৃষকদের পাশাপাশি খেতমজুরদের এই আর্থিক সহায়তা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *