সল্টলেকে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন ঘিরে সাজ সাজ রব, সুজিত-তাপস-অদিতিদের সমর্থনে বর্ণাঢ্য মিছিলের প্রস্তুতি

সল্টলেকে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন ঘিরে সাজ সাজ রব, সুজিত-তাপস-অদিতিদের সমর্থনে বর্ণাঢ্য মিছিলের প্রস্তুতি

আগামী ২৯ এপ্রিল নির্বাচনের লক্ষ্যে সল্টলেকে বিধাননগর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পর্ব শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধাননগর, রাজারহাট-নিউটাউন এবং রাজারহাট-গোপালপুর কেন্দ্রের প্রার্থীরা পরপর তিন দিন তাঁদের মনোনয়নপত্র জমা দেবেন। আজ সোমবার বিধাননগর কেন্দ্রের প্রার্থী সুজিত বসু বিধানচন্দ্র রায়ের মূর্তির পাদদেশে জমায়েত ও বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে নিজের মনোনয়নপত্র পেশ করবেন। চারবারের বিধায়ক সুজিত বসু এবার পঞ্চমবারের জন্য লড়াইয়ে নামছেন।

মঙ্গলবার মনোনয়নপত্র পেশ করবেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। ২০২১ সালের নির্বাচনে জয়ী তাপসবাবু এবার দ্বিতীয়বারের জন্য প্রার্থী হয়েছেন। একইভাবে আগামী পরশু অর্থাৎ বুধবার রাজারহাট-গোপালপুর কেন্দ্রের প্রার্থী অদিতি মুন্সি তাঁর মনোনয়ন জমা দেবেন। বিদায়ী বিধায়ক অদিতি মুন্সিও এবার দ্বিতীয়বারের মতো ঘাসফুল শিবিরের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই দুই প্রার্থীর সমর্থনেও বিশেষ প্রচার কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নির্বাচন কমিশনের নিয়ম মেনে মহকুমা শাসকের দপ্তরের বিভিন্ন তলায় মনোনয়নপত্র জমা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দোতলায় বিধাননগর, তিনতলায় রাজারহাট-নিউটাউন এবং চারতলায় রাজারহাট-গোপালপুর কেন্দ্রের মনোনয়ন জমা নেওয়া হচ্ছে। প্রতিটি প্রার্থীর মনোনয়ন ঘিরে স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। মিছিল ও জমায়েত নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকেও নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *