সল্টলেকে শিলাজিতের শো ঘিরে বিতর্ক, পুলিশের আচরণে ক্ষুব্ধ শিল্পী ও জয়জিৎ

১৩ মার্চ সল্টলেকের করুণাময়ী সেন্ট্রাল পার্কে জনপ্রিয় গায়ক শিলাজিৎ মজুমদারের সঙ্গীতানুষ্ঠান ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই এক পুলিশকর্মী অত্যন্ত আসাম্মানজনক ভঙ্গিতে শিল্পীকে মঞ্চ থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। গায়ক জানান, রাত ১১টা পর্যন্ত অনুমতির কথা থাকলেও ১১টা বাজার কয়েক মিনিট আগেই পুলিশের গাড়ি এসে তাঁকে আঙুল উঁচিয়ে ইশারা করে, যা তিনি অপমানজনক বলে মনে করেছেন।
এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে তিনি দাবি করেন, অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছিল এবং কোনও নিয়মভঙ্গ হয়নি। জয়জিতের মতে, ১০টা ৫৯ মিনিটের মধ্যেই শিলাজিৎ মঞ্চ ত্যাগ করেন, তবুও পুলিশের এমন আচরণ একজন সিনিয়র শিল্পীর প্রতি চরম অমর্যাদাকর। মঞ্চে উপস্থিত থাকাকালীন এই ঘটনায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন।
শিলাজিৎ জানিয়েছেন, বৃষ্টির কারণে অনুষ্ঠান দেরিতে শুরু হলেও তিনি নিয়ম মেনেই গান গাইছিলেন। সরাসরি আঙুল দেখিয়ে নামিয়ে দেওয়ার পদ্ধতিটি তাঁর তিন দশকের শিল্পীজীবনকে আহত করেছে। ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকেই পুলিশের এই ভূমিকার সমালোচনা করে শিল্পীর পাশে দাঁড়িয়েছেন।