সাঁইথিয়ায় নীলাবতী সাহার প্রধান ঢাল সিউড়ি-২ ব্লক, গোষ্ঠীকোন্দল সামলে জয়ের লক্ষ্যে তৃণমূল

সাঁইথিয়ায় নীলাবতী সাহার প্রধান ঢাল সিউড়ি-২ ব্লক, গোষ্ঠীকোন্দল সামলে জয়ের লক্ষ্যে তৃণমূল

বীরভূম জেলার সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নীলাবতী সাহার জয়ের প্রধান চাবিকাঠি হয়ে উঠেছে সিউড়ি-২ ব্লক। মহম্মদবাজার ও সাঁইথিয়া ব্লকের কিছু অংশে গত নির্বাচনে শাসকদলের জমি আলগা হলেও, সিউড়ি-২ ব্লকের বড় ব্যবধানের লিড গতবার ১৫ হাজার ভোটের জয় নিশ্চিত করেছিল। এবারও ব্লক সভাপতি নুরুল ইসলাম এই অঞ্চল থেকে রেকর্ড ভোটের লিড পাওয়ার বিষয়ে আশাবাদী।

তবে এই সাফল্যের পথে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিনের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দল। অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং শীর্ষ নেতৃত্বের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজমান। যদিও প্রার্থী নীলাবতী সাহা দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বার্থে দলের সমস্ত স্তরের নেতা-কর্মী এখন একজোট হয়ে লড়াই করছেন।

অন্যদিকে, তৃণমূলের এই আত্মবিশ্বাসকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের জেলা সহ-সভাপতি দীপক দাসের অভিযোগ, সিউড়ি-২ ব্লককে জোরপূর্বক বিরোধীশূন্য করে রাখা হয়েছে। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এবং নির্দিষ্ট ভোটব্যাঙ্ককে হাতিয়ার করে এই ব্যবধান তৈরি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। রাজনৈতিক মহলের মতে, গোষ্ঠীকোন্দল সামলে এই ব্লকের লিড বজায় রাখাই এখন নীলাবতীর আসল চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *