সাংবাদিক হত্যা মামলায় বেকসুর খালাস রাম রহিম, তবুও থাকছেন জেলেই

২০০২ সালের সাংবাদিক রামচন্দর ছত্রপতি হত্যা মামলায় ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংকে বেকসুর খালাস করল উচ্চ আদালত। ২০১৯ সালে সিবিআই আদালত এই খুনের ঘটনায় রাম রহিমসহ আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। ডেরা সদর দপ্তরে নারী অনুসারীদের ওপর যৌন নির্যাতনের খবর প্রকাশের জেরে ওই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ ছিল।
আদালতের এই রায়ে খুনের মামলা থেকে অব্যাহতি পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না ৫৭ বছর বয়সী এই স্বঘোষিত ধর্মগুরু। ২০১৭ সালে দু’টি পৃথক ধর্ষণ মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ভোগ করছেন তিনি। বর্তমানে হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া কারাগারে বন্দি রয়েছেন রাম রহিম। ফলে একটি মামলায় স্বস্তি মিললেও আইনি মারপ্যাঁচে কারাগারেই থাকতে হচ্ছে তাকে।
উল্লেখ্য, গত কয়েক বছরে রাম রহিমের দফায় দফায় প্যারোলে মুক্তি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। সরকারি হিসেবে ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি ৩০০ দিনেরও বেশি সময় জেলের বাইরে কাটিয়েছেন। তবে খুনের মামলায় উচ্চ আদালতের এই নতুন রায় ডেরা প্রধানের আইনি লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।