সাগরদিঘিতে বাম-আইএসএফ-এসডিপিআই সমীকরণ: মশিউর রহমানকে ঘিরে বাড়ছে রাজনৈতিক জটলা

মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে আসন্ন নির্বাচনে এক নজিরবিহীন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান এবার এসডিপিআই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি আইএসএফ-এর ‘খাম’ প্রতীক নিয়ে লড়াইয়ে নামছেন এবং তাঁকে সরাসরি সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে সিপিএম-সহ বামফ্রন্ট। বৃহস্পতিবার রাতে মশিউর রহমানের নাম প্রার্থী হিসেবে চূড়ান্ত হতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
এই কেন্দ্রে রাজনৈতিক লড়াই এখন চতুর্মুখী রূপ নিয়েছে। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন বিদায়ী বিধায়ক বায়রন বিশ্বাস এবং বিজেপির প্রার্থী হয়েছেন তাপস চক্রবর্তী। অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীকে। তবে বামেদের এই কৌশল নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে মৌলবাদী অভিযোগ থাকা এসডিপিআই-এর প্রার্থীকে ধর্মনিরপেক্ষ বামফ্রন্টের সমর্থন দেওয়া নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
জোটের এই জটিল পরিস্থিতিতে বাম শরিকদের মধ্যেও অস্বস্তি বাড়ছে। ইতিপূর্বেই কয়েকটি আসনে ফরওয়ার্ড ব্লক ও আরএসপি জোটের বাইরে গিয়ে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। সাগরদিঘিতেও অন্য শরিক দলগুলো শেষ পর্যন্ত কী অবস্থান নেয়, তা নিয়ে সংশয় কাটেনি। আদর্শগত অবস্থান সরিয়ে রেখে এসডিপিআই ও আইএসএফ-এর সঙ্গে সিপিএমের এই নতুন রসায়ন ভোটের ময়দানে কতটুকু ফলপ্রসূ হবে, এখন সেটাই দেখার বিষয়।