সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ, অশান্তি রুখতে জেলাশাসকদের সতর্ক করল নবান্ন

আগামী ২৩ মার্চ, সোমবার রাজ্যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে পারে। এই তালিকা প্রকাশকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় বা রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সেই লক্ষ্যে আগাম সতর্কতা অবলম্বন করেছে নবান্ন। নবান্নের তরফে রাজ্যের সমস্ত জেলাশাসককে চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের জারি করা এই নির্দেশিকায় সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণ এবং সংবেদনশীল এলাকাগুলোতে কঠোর নজরদারির ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে জনসমাগমস্থলে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদের পাশাপাশি পুলিশ সুপার এবং কমিশনারদেরও এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে যাতে জনজীবন স্বাভাবিক থাকে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রায় ৬০ লক্ষ নাম বিচারাধীন ছিল। জুডিশিয়াল অফিসারদের মাধ্যমে নথি যাচাইয়ের পর এই অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত ২৭ লক্ষেরও বেশি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। সোমবার এই তালিকা প্রকাশের পর কতজন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়, এখন সেটাই দেখার।