সাবধান! আমার নাম করে অ্যাকাউন্ট নম্বর চাইলেও দেবেন না, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সতর্ক করলেন মমতা

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নির্বাচনী জনসভা থেকে সাধারণ মানুষকে কড়া ভাষায় সতর্ক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটপ্রচারে গিয়ে তিনি সাফ জানান, তাঁর নাম করে অথবা তৃণমূলের দোহাই দিয়ে কেউ যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চায়, তবে তা যেন ভুলেও দেওয়া না হয়। মমতার আশঙ্কা, বিজেপির কর্মীরা ছদ্মবেশে সাধারণ মানুষের তথ্য হাতিয়ে নিতে পারে। অ্যাকাউন্ট নম্বর একবার তাদের হাতে চলে গেলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’এর টাকা সহ সাধারণ মানুষের সঞ্চিত সম্পদও হাতছাড়া হতে পারে বলে তিনি দাবি করেন।
এদিনের সভায় বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, বন্য প্রাণীকে বিশ্বাস করা গেলেও বিজেপিকে বিশ্বাস করা বিপজ্জনক। গেরুয়া শিবিরকে ‘অত্যাচারী’ আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানান, এবারের লড়াই মূলত বাংলাকে রক্ষা করার এবং মা-বোনেদের সম্মান ও আগামীর ভবিষ্যৎ সুনিশ্চিত করার খেলা। রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়েও সরব হন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ইডি এবং সিবিআইকে ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করছে বিরোধী পক্ষ, কিন্তু মানুষ তৃণমূলের সঙ্গেই আছেন।
ভোটের লড়াইয়ে ২৯৪টি আসনেই নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরে সাধারণ মানুষের আশীর্বাদ ও সমর্থন প্রার্থনা করেন তৃণমূলনেত্রী। তিনি বুথ স্তরের কর্মীদের বিশেষ নির্দেশ দিয়েছেন যাতে প্রকৃত ভোটার ছাড়া বহিরাগত কেউ ভোট দিতে না পারে। মমতা যোগ করেন, নির্বাচনের পর কেন্দ্রীয় এজেন্সির দেখা মিলবে না, তাই কোনো হুমকির কাছে মাথা নত না করে সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে। বাংলার ভাষা ও সংস্কৃতি রক্ষায় এই নির্বাচন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন।