সামান্য সজনে ডাঁটা নিয়ে রক্তারক্তি কাণ্ড! কাস্তের কোপে ভাইকে খুন করল নিজের দাদা

সামান্য সজনে ডাঁটা নিয়ে রক্তারক্তি কাণ্ড! কাস্তের কোপে ভাইকে খুন করল নিজের দাদা

গাছ থেকে সজনে ডাঁটা পাড়া নিয়ে তুচ্ছ বিবাদ আর সেই অশান্তির জেরেই ঝরল রক্ত। নদিয়ার ভীমপুর থানার ভাতশালা এলাকায় পৈত্রিক ভিটে আর জমির ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের দীর্ঘদিনের বিবাদ রবিবারের দুপুরে নিল এক ভয়ঙ্কর রূপ। সামান্য সজনে ডাঁটা পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা শেষ পর্যন্ত খুনে গিয়ে ঠেকল।

সকালে বড় বৌদির সঙ্গে সজনে ডাঁটা পাড়া নিয়ে বচসা হয়েছিল মেজো ভাই অর্জুনের। দুপুরে সেই রেশ ধরেই মাঠের মধ্যে বড় দাদা রতনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। রাগের মাথায় হাতের কাছে থাকা ঘাস কাটার কাস্তে দিয়ে ভাইকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন রতন। পেটে ও শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত নিয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অর্জুন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে কৃষ্ণনগর জেলা শক্তিনগর হাসপাতালে নিয়ে যান। সেখানে অস্ত্রোপচার হলেও শেষ রক্ষা হয়নি। ওয়ার্ডে স্থানান্তরের কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।

ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ভাই রতন পলাতক। পুলিশ ঘাতক দাদার খোঁজে তল্লাশি শুরু করেছে। সামান্য ডাঁটা পাড়া নাকি এর নেপথ্যে পুরনো কোনও গভীর শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখছে ভীমপুর থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *