সিআইএ স্টেশনে ইরানের ড্রোন হামলা: রিয়াধে মার্কিন দম্ভ চূর্ণ

ইরান, আমেরিকা ও ইসরায়েলের ত্রিদেশীয় যুদ্ধের আবহে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। গত ৩ মার্চ সৌদি আরবের রিয়াধে মার্কিন দূতাবাসের ভেতরে অবস্থিত সিআইএ স্টেশনে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইরান। সাম্প্রতিক এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুটি আত্মঘাতী ড্রোন নিখুঁত নিশানায় সিআইএ দপ্তরটি প্রায় ধ্বংস করে দিয়েছে। প্রথম ড্রোনের আঘাতে ভবনে গর্ত তৈরি হওয়ার ঠিক এক মিনিট পরেই দ্বিতীয় ড্রোনটি সেই একই পথ দিয়ে ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়।
সৌদি প্রশাসন প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য বলে দাবি করলেও বর্তমানে ভিন্ন চিত্র সামনে আসছে। জানা গিয়েছে, হামলার পর সারারাত ধরে চলা আগুনে ভবনটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তা আর সংস্কার করা সম্ভব নয়। এই আক্রমণটি অত্যন্ত সুরক্ষিত এলাকা এবং গোয়েন্দা দপ্তরের ওপর হওয়ায় মার্কিন নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকট হয়ে উঠেছে। ইরান এর মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে যে, মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটায় তারা নিরাপদ নয়।
রিয়াধ ছাড়াও বাগদাদ, দুবাই এবং কুয়েতের মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এমনকি সৌদির প্রিন্স সুলতান এয়ারবেসেও ইরানের দুঃসাহসিক অভিযানে মার্কিন বিমানবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত যুদ্ধ জয়ের দাবি জানালেও রিয়াধের এই ঘটনা ওয়াশিংটনের সামরিক ও গোয়েন্দা দম্ভকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের সুরক্ষাবলয় এখন কার্যত প্রশ্নের সম্মুখীন।