সিইও দফতর ঘেরাও: তৃণমূলের দুই কাউন্সিলরসহ ৬ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর

২০২৬ বিধানসভা নির্বাচনের আবহে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর ঘেরাও ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কড়া পদক্ষেপ নিল পুলিশ। বুধবার দুপুরে কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু এবং ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচিন সিং-সহ মোট ছয়জনের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারা প্রয়োগ করা হয়েছে।
গত ৩১ মার্চ মধ্যরাতে স্ট্র্যান্ড রোডে সিইও দফতরের সামনে বেআইনি জমায়েত ও প্ররোচনামূলক স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে। পুলিশ জানায়, দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখার পাশাপাশি কর্তব্যরত কর্মীদের কাজেও বাধা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারবার অনুরোধ করা সত্ত্বেও বিক্ষোভকারীরা কর্ণপাত করেননি বলে এফআইআর-এ উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে লালবাজারের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় ইতিমধ্যে ১৬৩ ধারা জারি করে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে যে কোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। তবে এই আইনি পদক্ষেপ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।