সিইও-র বিরুদ্ধে তৃণমূলের তোলা সম্পত্তি সংক্রান্ত অভিযোগ খারিজ নির্বাচন কমিশনের
March 4, 20267:56 am

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ও তাঁর পরিবারের সম্পত্তি নিয়ে তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় খারিজ করে দিল সিইও দফতর। এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট মামলায় আদালত আগেই সসম্মান মুক্তি দিয়েছে। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের কোনো ভিত্তি নেই বলে স্পষ্ট জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, মনোজ আগরওয়ালের স্ত্রী বিয়ের আগে থেকেই সম্পত্তির মালিক এবং ১৯৮৩ সাল থেকে নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করে আসছেন। সোমবার রাত থেকে তৃণমূল নেতৃত্ব সিইও-র সম্পত্তির উৎস নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন, কমিশন তা নথিসহ খণ্ডন করল। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার প্রতিবাদে এই কড়া প্রতিক্রিয়া দিল সিইও দফতর।