সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণ চান ২০০-র বেশি সাংসদ, উত্তাল সংসদ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবিতে সরব হয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সূত্রের খবর, তাঁর অপসারণের দাবিতে আনা নোটিশে ইতিমধ্য়েই সংসদের উভয় কক্ষ মিলিয়ে ২০০-র বেশি সাংসদ স্বাক্ষর করেছেন। এর মধ্যে লোকসভার ১৩০ জন এবং রাজ্যসভার ৬৩ জন সাংসদ রয়েছেন। আম আদমি পার্টির মতো বিরোধী দলগুলোও এই পদক্ষেপে সমর্থন জানিয়েছে বলে জানা গেছে।
অপসারণের এই নোটিশে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ, নির্বাচনী অনিয়মের তদন্তে বাধা এবং ভোটার তালিকায় কারচুপির মতো মোট সাতটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। বিরোধীদের দাবি, বর্তমান নির্বাচন কমিশন শাসকদল বিজেপিকে অনৈতিক সুবিধা করে দিচ্ছে। বিশেষ করে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব নিয়ে তৃণমূলসহ অন্যান্য আঞ্চলিক দলগুলোও তীব্র প্রতিবাদ জানিয়েছে।
সংসদীয় নিয়ম অনুযায়ী, সিইসি-কে অপসারণের প্রস্তাব আনতে লোকসভায় ১০০ জন এবং রাজ্যসভায় ৫০ জন সাংসদের সমর্থন প্রয়োজন হয়। বিরোধী শিবির প্রয়োজনীয় সংখ্যার চেয়েও বেশি সমর্থন সংগ্রহ করেছে। শুক্রবার সংসদের যেকোনো একটি কক্ষে এই ঐতিহাসিক নোটিশটি পেশ করা হতে পারে। উল্লেখ্য, ভারতের ইতিহাসে এই প্রথম কোনো প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এমন অপসারণের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।