সিউড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি প্রার্থীর হুঁশিয়ারি তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের মেজাজি আচরণকে কেন্দ্র করে বীরভূমের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সিউড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লিতে দলের বুথ সভাপতি উপেন দাসের বাড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তল্লাশিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। খবর পেয়েই সেখানে সপার্ষদ পৌঁছে কর্তব্যরত পুলিশকর্মীদের ‘তৃণমূলের দালাল’ বলে আক্রমণ করার পাশাপাশি আঙুল উঁচিয়ে শাসাতে দেখা যায় বিজেপি প্রার্থীকে।
নির্বাচন চলাকালীন পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জগন্নাথবাবু তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সম্প্রতি সিউড়ির তৃণমূল কার্যালয়ে জওয়ানদের ক্যারম খেলার ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গ টেনে তিনি কেন্দ্রীয় বাহিনীকেও রেয়াত করেননি। সংবাদমাধ্যমের সামনে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, ইতিপূর্বেই তিনজনকে সরানো হয়েছে এবং প্রয়োজনে তিনি বাকিদেরও সরানোর ব্যবস্থা করবেন। প্রার্থীর এই রণংদেহি মেজাজ ও আধাসেনাকে চড়াও হয়ে ধমক দেওয়ার ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে বিজেপির ঔদ্ধত্য হিসেবে ব্যাখ্যা করেছে। তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, কেন্দ্রীয় বাহিনীকে নিজস্ব সম্পত্তি মনে করে বিজেপি নেতারা ভয় দেখানোর রাজনীতি করছেন। যদিও সংশ্লিষ্ট বুথ সভাপতির দাবি, কেন্দ্রীয় বাহিনী তাঁকে সরাসরি কিছু বলেনি। একজন দায়িত্বশীল প্রার্থীর এভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে।