সিউড়িতে মোদীর সভা শেষে চরম বিশৃঙ্খলা ও চেয়ার ভাঙচুর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিউড়ির জনসভা শেষ হতে না হতেই রণক্ষেত্রের চেহারা নিল সভাস্থল। জনসভা সমাপ্ত হওয়ার পর বিজেপি কর্মীদের পক্ষ থেকে টি-শার্ট বিলি শুরু হলে উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, টি-শার্ট সংগ্রহ করাকে কেন্দ্র করে শুরু হয় চরম কাড়াকাড়ি। ভিড়ের চাপে সভাস্থলের বেশ কিছু চেয়ার ভেঙে চুরমার হয়ে যায়। হুড়োহুড়ির জেরে ভারসাম্য হারিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়েন বেশ কয়েকজন অনুগামী। অভিযোগ উঠেছে, এক শ্রেণির মানুষ নিয়ম না মেনেই একেক জন পাঁচ থেকে দশটি করে টি-শার্ট নেওয়ার চেষ্টা করলে বিশৃঙ্খলা আরও তীব্র আকার ধারণ করে।
উত্তেজিত জনতাকে সামাল দিতে হিমশিম খেতে হয় দায়িত্বরত কর্মীদের। শেষ পর্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়েই টি-শার্ট নেওয়ার হিড়িক চলতে থাকে। প্রধানমন্ত্রীর হাই-প্রোফাইল সভার শেষে এই ধরণের অনভিপ্রেত ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মূলত অব্যবস্থাপনা এবং হুড়োহুড়ির কারণেই এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।