সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব লাভ: পূর্বস্থলী উত্তর বিধানসভায় পাঁচ বাংলাদেশি উদ্বাস্তুর মুখে হাসি

সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব লাভ: পূর্বস্থলী উত্তর বিধানসভায় পাঁচ বাংলাদেশি উদ্বাস্তুর মুখে হাসি

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের কালেখাঁতলা ১ পঞ্চায়েত এলাকায় স্বস্তির জোয়ার। এসআইআর (SIR) আতঙ্কের আবহে সিএএ-তে আবেদন করার পর অবশেষে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেলেন দুই পরিবারের মোট পাঁচজন সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ইমেল মারফত নাগরিকত্ব মঞ্জুর হওয়ার খবর আসতেই দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান ঘটেছে বলে জানা গেছে।

দক্ষিণ ফলেয়া এলাকার সরস্বতী মল্লিক এবং তাঁর দুই পুত্র দুলাল ও অরবিন্দ মল্লিক ২০২৫ সালের অক্টোবর মাসে বাংলাদেশের কোটালীপাড়া থেকে ধর্মীয় অস্থিরতার কারণে এদেশে চলে আসেন। একই সঙ্গে নাগরিকত্ব পেয়েছেন পূর্ব ফলেয়ার কৃষ্ণকান্ত হালদার ও তাঁর পুত্র কৃত্তিবাস হালদারও, যারা ২০০৫ সাল থেকে এখানে বসবাস করছেন। পরিচয়পত্র থাকা সত্ত্বেও স্থায়ী সমাধানের লক্ষ্যে তাঁরা গত বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে সিএএ-র অধীনে আবেদন জানিয়েছিলেন।

মার্চের শুরুতেই নাগরিকত্বের চিঠি হাতে পেয়ে খুশির হাওয়া দুই পরিবারে। আবেদন জানানোর মাত্র কয়েকমাসের মধ্যেই দিল্লির সবুজ সংকেত মেলায় তাঁরা এখন সম্পূর্ণভাবে ভারতের নাগরিক হিসেবে স্বীকৃত। ধর্মীয় কারণে ভিটেমাটি হারানো এই উদ্বাস্তুদের কাছে এই শংসাপত্র কেবল একটি নথি নয়, বরং এক নিশ্চিত ভবিষ্যতের গ্যারান্টি। আগামী কয়েকদিনের মধ্যেই তারা মূল শংসাপত্র হাতে পাবেন বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *