সিকিমে প্রবল বৃষ্টি ও ধসে আটকে ২০০ পর্যটক: লাচেন ও নাথুলা পথে জারি সতর্কতা

টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে উত্তর সিকিমের একাধিক স্থানে ধস নেমে পর্যটন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাংটক ও চুংথামের সঙ্গে লাচেনের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় প্রায় ২০০ পর্যটক মাঝরাস্তায় আটকে পড়েছেন। মাঙ্গনের জেলাশাসক জানিয়েছেন, ধসের কারণে রাস্তা বন্ধ থাকায় পর্যটকদের নিরাপত্তার খাতিরে ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ ক্যাম্প এবং স্থানীয় গুরুদ্বারে আশ্রয় দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সারাইয়ের কাজ শুরু হলেও অবিরাম বৃষ্টির কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। লাচুংগামী রাস্তায় আটকে থাকা পর্যটকদের উদ্ধার করে ইতিমধ্যেই গ্যাংটকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে চুংথামে আটকে পড়াদেরও দ্রুত ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, প্রতিকূল আবহাওয়া এবং প্রবল তুষারপাতের জেরে পর্যটকদের জন্য ছাঙ্গু লেক ও নাথুলা পাস আপাতত বন্ধ রাখা হয়েছে। সিকিম প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানানো হয়েছে।