সিকিমে প্রাকৃতিক বিপর্যয়: ধস নেমে বন্ধ লাচেন রোড, চরম বিপাকে পর্যটকরা

সিকিমে প্রাকৃতিক বিপর্যয়: ধস নেমে বন্ধ লাচেন রোড, চরম বিপাকে পর্যটকরা

উত্তর সিকিমে টানা বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসের সৃষ্টি হয়েছে। রবিবার ভোরে লাচেন যাওয়ার পথে তারেম চু খোলার কাছে পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো বটেই, পায়ে হেঁটে যাতায়াত করাও আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে পাহাড়ের পর্যটন মরসুমের শুরুতেই কয়েকশো পর্যটক মাঝপথে আটকে পড়েছেন।

২০২৩ সালের ভয়াবহ হড়পা বান কাটিয়ে দীর্ঘ প্রচেষ্টায় গত ফেব্রুয়ারিতেই লাচেন রোড পুনরায় চালু করা হয়েছিল। কিন্তু মাস দুয়েক যেতে না যেতেই ফের ধস নামায় গভীর উদ্বেগে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। উল্লেখ্য, গত মার্চ মাসেও গ্যাংটক ও চুংথাং রুটে ধসের কারণে পর্যটকরা আটকে পড়েছিলেন। বারবার ধস নামায় উত্তর সিকিমের পর্যটন শিল্প বড়সড় ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন গ্যাংটক, মঙ্গন ও সোরেং-সহ বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গনে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবারের পর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। প্রতিকূল আবহাওয়ার কারণে নর্থ সিকিমের পরিস্থিতি আগামী কয়েক দিন আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *