সিকিমে ভয়াবহ তুষারপাত ও ধস: লাচেনে আটকে পড়া ৮০০ পর্যটককে উদ্ধারে নামল সেনা

সিকিমে ভয়াবহ তুষারপাত ও ধস: লাচেনে আটকে পড়া ৮০০ পর্যটককে উদ্ধারে নামল সেনা

উত্তর সিকিমের লাচেনে ভয়াবহ তুষারপাত ও ভূমিধসের জেরে আটকা পড়েছেন প্রায় ৮০০ পর্যটক। তারামচুতে চুংথাং-লাচেন সড়কপথের একটি অংশ ধসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় এবং আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে সোমবার সকাল থেকে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস, আইটিবিপি এবং বিআরও যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।

উদ্ধারকাজ চলাকালীন পর্যটকদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় হোটেল ও হোমস্টেগুলোতে অবস্থানের পরামর্শ দিয়েছে মঙ্গন জেলা প্রশাসন। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় বরফ সরিয়ে ডনকিয়ালা-লাচুং ঘুরপথে পর্যটকদের গ্যাংটকে নামিয়ে আনার চেষ্টা চলছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং ক্রমাগত তুষারপাতের কারণে উদ্ধার অভিযান বারবার ব্যাহত হচ্ছে। প্রশাসন পর্যটকদের শান্ত থেকে সরকারি নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানিয়েছে।

জরুরি সহায়তার জন্য প্রশাসন ইতিমধ্যে দুটি হেল্পলাইন নম্বর— ৯৯০৭৯৫৬৭০৫ এবং ০৩৫৯২২৮১০০৭ চালু করেছে। বর্তমানে উত্তর সিকিমের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সড়কপথ দ্রুত সচল করতে এবং আটকে পড়াদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দলগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *