সিকিমে ৪.৬ মাত্রার শক্তিশালী কম্পন, আতঙ্কিত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা

সিকিমে ৪.৬ মাত্রার শক্তিশালী কম্পন, আতঙ্কিত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ পুনরায় ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৬ এবং এর উৎপত্তিস্থল ছিল গিয়ালশিং এলাকায় ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং ও জলপাইগুড়িতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন, তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

চলতি মাসে সিকিমে ধারাবাহিকভাবে কম্পন হওয়ায় জনমানসে বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। হিমালয়ের টেকটনিক প্লেটের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠলেও বিশেষজ্ঞরা একে প্রাকৃতিক ভূতাত্ত্বিক ঘটনা হিসেবেই দেখছেন। বারবার এই কম্পন স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে স্কুল ও জনবহুল এলাকায় সচেতনতামূলক কর্মসূচি এবং মক ড্রিল পরিচালনা করছে সিকিম বিপর্যয় মোকাবিলা দপ্তর।

বিপর্যয় মোকাবিলা দপ্তর সাধারণ মানুষকে শান্ত থাকার এবং গুজব এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ভূমিকম্পের সময় সুরক্ষাবিধি মেনে চলা এবং নিরাপদ স্থান চিহ্নিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তর স্পষ্ট জানিয়েছে যে, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া আসাম্ভব, তাই আতঙ্কিত না হয়ে সর্বদা প্রস্তুত থাকাই শ্রেয়। বর্তমানে উত্তরবঙ্গ ও সিকিমের পরিস্থিতি প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *