সিঙ্গুরে মমতার বিফলতার স্মারক না শিল্প না কৃষি, বিস্ফোরক কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত সিঙ্গুরের রাজনৈতিক পরিস্থিতি। মঙ্গলবার হুগলির সিঙ্গুরে আয়োজিত বিজেপি-র কৃষক ও খেতমজুর সম্মেলনে যোগ দিয়ে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। জামিড়বেড়িয়ার মাঠে আলু চাষীদের সঙ্গে কথা বলার পর তিনি অভিযোগ করেন, সিঙ্গুরের কৃষিজমি বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিফলতার স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। চৌহানের দাবি, ক্ষমতায় আসার আগে কৃষকদের জন্য চোখের জল ফেললেও বর্তমানে মুখ্যমন্ত্রী কৃষকদের দুর্দশার মধ্যে একা ছেড়ে দিয়েছেন।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অভিযোগ করেন, রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই সিঙ্গুরে না গড়ে উঠেছে শিল্প, না উন্নত হয়েছে কৃষি। তিনি জানান, কৃষকদের সুরক্ষা দিতে ভারত সরকারের তিনটি বিশেষ প্রকল্প থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার তা কার্যকর করার প্রস্তাব দেয়নি। তাঁর দাবি, আলু বা পেঁয়াজের মতো ফসলের দাম কমে গেলে কেন্দ্র সরাসরি কৃষকদের পাশে দাঁড়ায়, এমনকি ভিন রাজ্যে পরিবহণ খরচও বহন করে। কর্ণাটক বা আসামের মতো রাজ্য এই সুবিধা নিলেও পশ্চিমবঙ্গ সরকার কোনো আবেদন জানায়নি। বর্তমানে প্রচুর আলু মাঠে পড়ে থাকলেও রাজ্য সরকার তা কেনার উদ্যোগ নিচ্ছে না বলে তিনি তোপ দাগেন।
পাল্টা প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রীকে ‘পরিযায়ী ভোট পাখি’ বলে কটাক্ষ করেছেন সিঙ্গুরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী বেচারাম মান্না। তিনি দাবি করেন, রাজ্য সরকার ইতিমধ্যেই ৯৫০ টাকা কুইন্টাল দরে কৃষকদের কাছ থেকে আলু কিনছে, যা বিজেপি শাসিত রাজ্যগুলোতেও হচ্ছে না। বেচারাম মান্নার অভিযোগ, কৃষকদের প্রকৃত উন্নতি চাইলে কেন্দ্রের উচিত সার, কীটনাশক এবং পেট্রোল-ডিজেলের দাম কমানো। তারকেশ্বর থেকে আলু রপ্তানির জন্য প্রয়োজনীয় রেল র্যাকের অভাব নিয়ে সরব হয়ে তিনি একে কেন্দ্রের ‘চক্রান্ত’ বলে অভিহিত করেছেন। নির্বাচন ঘিরে সিঙ্গুরের কৃষকদের সমস্যা ও শিল্প সম্ভাবনা এখন যুযুধান দুই পক্ষের প্রধান রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে।