সিডনিতে চাকরির প্রলোভন দিয়ে অপহরণ: কলকাতা থেকে উদ্ধার কাশ্মীরের ২ যুবক, গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ার সিডনিতে উচ্চবেতনের চাকরির টোপ দিয়ে জম্মু ও কাশ্মীরের দুই যুবককে অপহরণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হরিয়ানার জলপথের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে ফাঁদ পেতে ওই যুবকদের কলকাতায় ডেকে আনা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পূর্ব কলকাতার প্রগতি ময়দান এলাকার একটি হোটেল থেকে প্রায় ছয় দিন আটকে রাখার পর হাত-পা বাঁধা অবস্থায় অপহৃতদের উদ্ধার করা হয়। অপহরণকারীদের দলটি ভিডিও কলের মাধ্যমে যুবকদের পরিবারের কাছে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে মোবাইল লোকেশন ট্র্যাক করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশ যৌথ অভিযান চালায়।
পুলিশি অভিযানে সুশীল, প্রশান্ত, প্রবীণ কুমারসহ মোট পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের ও উদ্ধার হওয়া যুবকদের ইতিমধ্যেই কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তকারীদের ধারণা, এই চক্রটি এর আগেও দেশের বিভিন্ন রাজ্যে একইভাবে অপহরণের ঘটনা ঘটিয়েছে। এই আন্তঃরাজ্য অপরাধচক্রের সাথে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।