সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে দম্পতি চুরির কৌশল, পুলিশের জালে সেই দম্পতি

কেরালা জুড়ে বিয়ের টোপ ও ভুয়া ব্যবসায় বিনিয়োগের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক ভয়ংকর দম্পতিকে গ্রেপ্তার করেছে পুয়াপল্লি পুলিশ। ধৃতদের নাম বিজু বালান ও রশ্মি বিজু। দীর্ঘ তদন্তের পর এর্নাকুলামের মারাড এলাকায় তাদের গোপন ডেরা থেকে পুলিশ এদের পাকড়াও করে। এই দম্পতির প্রতারণার জাল কেরালা ছাড়িয়ে বিদেশেও বিস্তৃত ছিল বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন।
এই দম্পতির জালিয়াতির পদ্ধতি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। মূলত উপসাগরীয় দেশগুলিতে ভুয়া কো ম্পা নি খুলে পণ্য কেনাবেচার নামে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করত। সম্প্রতি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ও চাকরি দেওয়ার নাম করে জনৈক ব্যক্তির কাছ থেকে ১০.৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, কোঝিকোড়ের এক মহিলার কাছ থেকে ৮৫ লক্ষ এবং অন্য এক তরুণীর থেকে ১৫ লক্ষ টাকা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লুট করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। প্রতারিতরা যদি পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করতেন, তবে এই দম্পতি নিজেদের শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে উল্টো অভিযোগ দায়েরের হুমকি দিতেন। এমনকি মারধরের মিথ্যে নাটক সাজিয়ে পুলিশকে বিভ্রান্ত করার কৌশলও তারা রপ্ত করেছিলেন। কাতার বিশ্বকাপের সময় খাবারের ব্যবসার নাম করেও তারা একজনের থেকে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় এক হাজারেরও বেশি মানুষ এই দম্পতির প্রতারণার শিকার হয়েছেন এবং জালিয়াতির পরিমাণ ১০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তাদের গ্রেপ্তারের খবর জানাজানি হতেই থানার সামনে ভিড় জমাচ্ছেন আরও অনেক ভুক্তভোগী। বর্তমানে ক্রাইম ব্রাঞ্চসহ একাধিক তদন্তকারী সংস্থা এই চক্রের শিকড় কতদূর পর্যন্ত বিস্তৃত, তা খতিয়ে দেখছে। এদের বিরুদ্ধে কেরালার বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।