সিপিএম ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের

কলকাতা কোর্টপাড়ার এক সিপিএম ঘনিষ্ঠ সিনিয়র আইনজীবীর বিরুদ্ধে যৌন হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হলেন তাঁরই এক মহিলা জুনিয়র সহকর্মী। নির্যাতিতার দাবি, গত আগস্টে ওই আইনজীবীর চেম্বারে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছিল। ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল প্রকাশ করা থেকে শুরু করে গভীর রাতে হোয়াটসঅ্যাপে অশালীন ভিডিও কল করে তাঁকে উত্যক্ত করা হতো বলে অভিযোগপত্রে জানানো হয়েছে।
অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে অত্যাচারের মাত্রা চরম আকার ধারণ করে। শারীরিক গঠন নিয়ে কুমন্তব্য করার পাশাপাশি চেম্বারে ডেকে তাঁকে জোরপূর্বক স্পর্শ ও শ্লীলতাহানি করা হয়। এমনকি অভিযুক্ত ব্যক্তি নিজের পোশাক খুলে মহিলার সামনে অশালীন আচরণ ও হস্তমৈথুন করেন বলেও গুরুতর অভিযোগ উঠেছে। আতঙ্কে কান্নাকাটি করলেও অভিযুক্ত আইনজীবী তাঁকে বেডরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।
মহিলা আইনজীবী তাঁর অভিযোগে জানিয়েছেন, ওই নেতার শরীরে এমন কিছু বিশেষ চিহ্ন রয়েছে যা শুধুমাত্র বিবস্ত্র অবস্থাতেই দেখা সম্ভব, যা তাঁর দাবির সত্যতা প্রমাণে সহায়ক হবে। এর আগে আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় স্তরে অভিযোগ জানানো হলেও সুরাহা না হওয়ায় তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন। হেয়ার স্ট্রিট থানা ঘটনার লিখিত অভিযোগ গ্রহণ করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। স্থানীয় আইনি মহলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।