সিভিক ভলান্টিয়ারের মারে অন্তঃসত্ত্বার গর্ভস্থ সন্তানের মৃত্যু, রণক্ষেত্র শিলিগুড়ি

সিভিক ভলান্টিয়ারের মারে অন্তঃসত্ত্বার গর্ভস্থ সন্তানের মৃত্যু, রণক্ষেত্র শিলিগুড়ি

ফাঁসিদেওয়ায় এক সিভিক ভলান্টিয়ারের মারে আদিবাসী অন্তঃসত্ত্বা মহিলার গর্ভস্থ সন্তানের মৃত্যুর অভিযোগে উত্তাল শিলিগুড়ি। গত ডিসেম্বরে জমি বিবাদকে কেন্দ্র করে ওই মহিলা আক্রান্ত হন বলে অভিযোগ। এই ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ কাদের গ্রেফতার হলেও বাকি চারজন এখনও পলাতক। অভিযুক্তদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার আদিবাসী সম্প্রদায়ের মানুষ উত্তরকন্যা অভিযানের ডাক দিলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায় এবং জলকামান ব্যবহার করে। আন্দোলনকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। এই কর্মসূচিকে কেন্দ্র করে তিনবাত্তি মোড় এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।

বিজেপি সমর্থিত এই অভিযানে বিশৃঙ্খলা এড়াতে আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। পুলিশ মাইকিং করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও উত্তেজনা প্রশমিত হয়নি। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি এখনও থমথমে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *