সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মমতার, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর

রাজ্যপালের পদ থেকে পদত্যাগের পর বুধবার শহর ছাড়ছেন সিভি আনন্দ বোস। তার প্রাক্কালে মঙ্গলবার রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার স্মৃতি চারণের পাশাপাশি বিদায়ী রাজ্যপালের সুস্বাস্থ্য কামনা করেন তিনি। সাক্ষাৎ শেষে মুখ্যমন্ত্রী জানান, বাংলার আতিথেয়তা ও সৌজন্যের খাতিরেই তিনি প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসেছেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, মেয়াদ শেষ হওয়ার দেড় বছর আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বোসকে সরিয়ে দিয়ে তাঁর প্রতি অবিচার করা হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই আর এন রবিকে রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে, যা একটি রাজনৈতিক চক্রান্ত এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় অনভিপ্রেত।
এদিকে পদত্যাগ বা রাজনৈতিক চাপ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি সিভি আনন্দ বোস। তিনি জানান, দীর্ঘ ১২০০ দিন রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করার পর এটাই প্রস্থানের সঠিক সময় বলে তিনি মনে করেছেন। অন্যদিকে, রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো সংক্রান্ত বিতর্ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পুনরায় জানান যে, রাজ্যপালকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কারণেই সেদিন বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল এবং বোস রাজভবন ত্যাগ করেছিলেন।