সিলিন্ডার পেতে মশারিতে রাত কাটছে গ্রাহকদের, রান্নার গ্যাসের তীব্র সংকট ছবি প্রকাশ্যে

বিহারে মোতিহারি জেলার পতাহি এলাকায় রান্নার গ্যাসের চরম হাহাকার দেখা দিয়েছে। গ্যাস সিলিন্ডার পাওয়ার আশায় গ্রাহকরা ঘরবাড়ি ছেড়ে এজেন্সির সামনেই রাত কাটাচ্ছেন। রাস্তার ধারে মশারি টাঙিয়ে এবং খালি সিলিন্ডার শিকল দিয়ে বেঁধে পাহারায় বসছেন সাধারণ মানুষ। ওটিপি এলেও এজেন্সিতে গিয়ে গ্যাস মিলছে না বলে অভিযোগ উঠেছে। পর্যাপ্ত মজুত না থাকায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে গ্রাহকদের, যার ফলে বহু বাড়িতে উনুন জ্বলছে না।
এই অব্যবস্থার সুযোগে এলাকায় গ্যাসের কালোবাজারি তুঙ্গে উঠেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সাধারণ মানুষ যখন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন, তখন চড়া দামে সিলিন্ডার বিক্রির খবর পাওয়া যাচ্ছে। জেলা প্রশাসনের কাছে এই সংকটের অভিযোগ জমা পড়লেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। কৃত্রিম অভাব তৈরি করে কালোবাজারিদের সুবিধা করে দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। রান্নার গ্যাসের মতো মৌলিক পরিষেবার জন্য এই হাড়ভাঙা খাটুনি ও শারীরিক যন্ত্রণা এখন মোতিহারির নিত্যদিনের চিত্র।