সীমান্তবর্তী দেশগুলোর বিনিয়োগ নীতিতে বদল, বড় সিদ্ধান্তের অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

সীমান্তবর্তী দেশগুলোর বিনিয়োগ নীতিতে বদল, বড় সিদ্ধান্তের অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

উৎপাদন ক্ষেত্রকে শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক সাপ্লাই চেনে ভারতের অংশীদারিত্ব বাড়াতে প্রতিবেশী দেশগুলোর জন্য বিনিয়োগ নীতিতে গুরুত্বপূর্ণ বদল আনল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে আয়োজিত বৈঠকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই সংক্রান্ত এই সংশোধনীতে সবুজ সংকেত দেওয়া হয়েছে। মূলত ভারতের সঙ্গে স্থলসীমান্ত ভাগ করে নেওয়া দেশগুলোর বিনিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গতিশীল করতেই এই পদক্ষেপ।

নতুন নির্দেশিকা অনুযায়ী, গুরুত্বপূর্ণ বা ‘ক্রিটিক্যাল’ সেক্টরগুলোতে পিএন-৩ নীতির অধীনে বিনিয়োগের ক্ষেত্রে এখন থেকে নির্দিষ্ট সময়সীমা মেনে কাজ হবে। ভারতীয় সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে উৎপাদন বৃদ্ধি বা প্রযুক্তি হস্তান্তরের আবেদন জানালে সরকার ৬০ দিনের মধ্যে সেই অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করবে। এর ফলে বিশেষ করে ইলেকট্রনিক সামগ্রী, ক্যাপিটাল গুডস এবং সোলার সেল উৎপাদনের মতো ক্ষেত্রে বড়সড় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, কোভিড মহামারির সময় দেশীয় ছোট ও মাঝারি সংস্থাগুলোকে বিদেশি আগ্রাসন থেকে রক্ষা করতে প্রতিবেশী দেশগুলোর বিনিয়োগের ওপর কড়া নিয়ন্ত্রণ জারি করেছিল কেন্দ্র। সেই সময় সমস্ত বিনিয়োগের জন্য সরকারি অনুমোদন বাধ্যতামূলক করা হয়। বর্তমান এই পরিবর্তনের ফলে অনুমোদন প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ার জটিলতা দূর হবে। এতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সুসংহত হওয়ার পাশাপাশি ভারতের শিল্পায়ন ও কর্মসংস্থানেও নতুন গতি আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *