সীমান্তে শক্তি বাড়ছে ভারতের প্রথম দফায় হাতে এল ইজরায়েলি নেগেভ লাইট মেশিন গান

পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির মধ্যেই ভারতের সামরিক শক্তি বৃদ্ধিতে বড় পদক্ষেপ নিল ইজরায়েল। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতকে ৪১,০০০ ইউনিট লাইট মেশিন গান সরবরাহের চুক্তি সম্পন্ন হয়েছে। ইজরায়েল ওয়েপন ইন্ডাস্ট্রিস (আইডব্লিউআই) এবং আদানি গোষ্ঠীর যৌথ উদ্যোগে এই অত্যাধুনিক অস্ত্র সরবরাহ প্রক্রিয়া শুরু হয়েছে।
চুক্তি অনুযায়ী, প্রথম দফায় ২,০০০টি নেগেভ লাইট মেশিন গান ইতিমধ্যেই ভারতে পৌঁছেছে। সামরিক সূত্রে জানানো হয়েছে, চলতি বছরের মধ্যেই আরও ৪,০০০টি উন্নতমানের আগ্নেয়াস্ত্র সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেমি-অটোম্যাটিক এবং ফুল-অটোম্যাটিক— উভয় মোডেই কার্যকরী এই অস্ত্রগুলো ভারতীয় সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নেগেভ লাইট মেশিন গান তার হালকা ওজন এবং নিখুঁত নিশানার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। যুদ্ধক্ষেত্রে সহজে বহনযোগ্য এই অস্ত্রগুলো ভারতীয় জওয়ানদের রণকৌশলগত সুবিধা প্রদান করবে। প্রতিরক্ষা ক্ষেত্রে এই সরবরাহ দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা এবং দেশীয় উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।