সীমান্ত সংঘাতের আবহে পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয় তালিবানের ‘সুইসাইড স্কোয়াড’

সীমান্ত সংঘাতের আবহে পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয় তালিবানের ‘সুইসাইড স্কোয়াড’

আফগানিস্তানের মাটিতে পাক এয়ারস্ট্রাইকের পাল্টা জবাব দিতে এবার ‘সুইসাইড স্কোয়াড’ বা ফিদায়েঁ বাহিনীকে সক্রিয় করল তালিবান। আফগান সংবাদ সংস্থা ‘বখতর নিউজ’ বিস্ফোরক জ্যাকেট পরিহিত যোদ্ধাদের একটি ছবি প্রকাশ করে এই বিশেষ ব্যাটালিয়নের প্রস্তুতির কথা জানিয়েছে। নিরাপত্তাবাহিনী সূত্রের খবর, নির্দেশ পাওয়া মাত্রই পাকিস্তানের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ও ডুরান্ড লাইন সংলগ্ন এলাকায় আত্মঘাতী হামলা চালাতে প্রস্তুত এই বাহিনী।

পাক-আফগান সীমান্তে চলমান এই রক্তক্ষয়ী যুদ্ধে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। তালিবান মুখপাত্র হামদুল্লাহ ফিতরত জানিয়েছেন, খোস্ত ও ডুরান্ড সীমান্ত এলাকায় ইতিমধ্যেই পাল্টা আক্রমণ শুরু হয়েছে। আফগান প্রশাসনের দাবি, তাদের অভিযানে পাকিস্তানের অন্তত ১২টি সেনা পোস্ট বর্তমানে তালিবান কবজায় এবং ৫৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে। জবাবে কাবুল ও কান্দাহারে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।

দুই দেশের মধ্যে ধৈর্যের বাঁধ ভেঙেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। অন্যদিকে, সোভিয়েত ও মার্কিন বিরোধী যুদ্ধে ব্যবহৃত এই বিশেষ স্কোয়াডকে সামনে এনে যুদ্ধের ঝাঁজ বাড়াচ্ছে কাবুল। কান্দাহারের আকাশে পাক যুদ্ধবিমানের টহল এবং সীমান্তে দুপক্ষের প্রাণহানির ঘটনায় দক্ষিণ এশিয়ায় নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। Dailyhunt

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *