সুন্দরবনে ফের বাঘের হানা: এক ঘণ্টা লড়াইয়ের পর মৎস্যজীবীর মর্মান্তিক মৃত্যু

সুন্দরবনের দেউলভারানি জঙ্গল সংলগ্ন খাঁড়িতে কাঁকড়া ধরার সময় বাঘের হামলায় প্রাণ হারালেন ৪৫ বছর বয়সী মৎস্যজীবী গোপাল ঢালি। গত শনিবার বিকেলে দুই সঙ্গীর সাথে কাজ করার সময় একটি রয়্যাল বেঙ্গল টাইগার আচমকা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘটি গোপালের ঘাড় কামড়ে ধরে বনের গভীরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় এক আসাম লড়াই।
সঙ্গীকে বাঁচাতে অন্য দুই মৎস্যজীবী প্রায় এক ঘণ্টা বাঘের সঙ্গে প্রাণপণ সংগ্রাম করেন। তবে বাঘের প্রবল শক্তির কাছে হার মেনে শেষ পর্যন্ত ব্যর্থ হন তাঁরা। রবিবার সকালে বনের ভেতর তল্লাশি চালিয়ে তাঁরা গোপালবাবুর ক্ষতবিক্ষত দেহটি উদ্ধার করেন। সোমবার রাতে মরদেহটি ঝড়খালির ৪ নম্বর এলাকায় তাঁর গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।
মৃত গোপাল ঢালির পরিবারে স্ত্রী ছাড়াও এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। পুলিশ সূত্রে খবর, বাসন্তী থানার পক্ষ থেকে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জীবিকার তাগিদে সুন্দরবনের গভীর অরণ্যে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বারবার এমন বাঘের মুখে পড়ার ঘটনা স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।