সুপ্রিম কোর্টের কড়া অবস্থানে নতিস্বীকার: অষ্টম শ্রেণির বিতর্কিত পাঠ্যবই সরিয়ে নিচ্ছে এনসিইআরটি

অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান পাঠ্যবইয়ে বিচার ব্যবস্থার দুর্নীতি সংক্রান্ত অধ্যায় অন্তর্ভুক্ত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই বিষয়টিকে বিচার ব্যবস্থার প্রতি পরিকল্পিত আসাম্মান হিসেবে অভিহিত করে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের ইঙ্গিত দিয়েছেন। দেশের অন্যতম প্রধান স্তম্ভের মর্যাদা রক্ষায় আদালতের এই কঠোর অবস্থান কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য করেছে।
আদালতের তোপের মুখে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তড়িঘড়ি বিতর্কিত ওই বইটির বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে। এনসিইআরটি (NCERT) সিদ্ধান্ত নিয়েছে যে, ‘বিচার ব্যবস্থার দুর্নীতি’ নামক অধ্যায়টি সম্পূর্ণ সরিয়ে ফেলা হবে। এর পরিবর্তে ‘আমাদের জীবনে বিচার ব্যবস্থার প্রভাব’ শীর্ষক একটি নতুন অধ্যায় যুক্ত করা হচ্ছে, যেখানে বিচারবিভাগীয় স্বচ্ছতা ও নির্দিষ্ট আচরণবিধির ওপর গুরুত্বারোপ করা হবে।
সরকারি সূত্রের খবর, বুধবার থেকেই বাজার থেকে এই বই সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পাঠ্যক্রম সংশোধন করলেও সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার ভবিষ্যৎ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। নতুন অধ্যায়টি অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও শীর্ষ আদালতের কঠোর নজরদারি বজায় থাকতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই পদক্ষেপটি শিক্ষাক্ষেত্রে পাঠ্যবইয়ের বিষয়বস্তু নির্বাচনে সচেতনতা বৃদ্ধির নজির হিসেবে দেখা হচ্ছে।