সুপ্রিম কোর্টের কড়া বার্তার পর অ্যাকশনে কমিশন, নজিরবিহীন তলব রাজ্যের শীর্ষ কর্তাদের

সুপ্রিম কোর্টের কড়া বার্তার পর অ্যাকশনে কমিশন, নজিরবিহীন তলব রাজ্যের শীর্ষ কর্তাদের

রাজ্যে বিচারকদের ওপর হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে নজিরবিহীন পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। পরিস্থিতির গুরুত্ব বিচার করে জরুরি ভিত্তিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন কমিশনের শীর্ষ কর্তারা। জানা গেছে, দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিজেই এই গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে পৌরোহিত্য করছেন। বিচারব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান হালহকিকত খতিয়ে দেখাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।

বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও), মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-সহ প্রশাসনের শীর্ষ স্তরের কর্মকর্তাদের তলব করা হয়েছে। এছাড়া এডিজি (আইনশৃঙ্খলা), কলকাতার পুলিশ কমিশনার, সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদেরও এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় সর্বোচ্চ আদালত যে কড়া অবস্থান নিয়েছে, তার প্রেক্ষিতেই কমিশনের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।

প্রশাসন সূত্রের খবর, বৈঠকে রাজ্যের প্রতিটি জেলার নিরাপত্তা ব্যবস্থা ও স্পর্শকাতর এলাকাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। আদালতের কড়া বার্তার পর রাজ্য প্রশাসন বিচারকদের সুরক্ষা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়েও জবাবদিহি চাইতে পারে কমিশন। এই জরুরি বৈঠকের পর রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় কমিশন নতুন কোনো কঠোর নির্দেশিকা জারি করে কি না, এখন সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *