সুপ্রিম নির্দেশে স্বস্তি: রতুয়ায় কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জট কাটল শেষ মুহূর্তে

সুপ্রিম নির্দেশে স্বস্তি: রতুয়ায় কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জট কাটল শেষ মুহূর্তে

ফরাক্কার পর এবার রতুয়া, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মনোনয়ন জট কাটল কংগ্রেস প্রার্থী মহম্মদ মোত্তাকিন আলমের। ভোটার তালিকায় নাম না থাকায় প্রাক্তন এই বিধায়কের প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সোমবার শীর্ষ আদালতের নির্দেশে দ্রুত শুনানির পর ট্রাইব্যুনাল তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আদেশ দেয়, যার ফলে আইনি বাধা দূর হয়।

প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই এই নাটকীয় মোড় দেখা যায়। মোত্তাকিনের নাম ভোটার তালিকা থেকে ‘ডিলিট’ হয়ে যাওয়ায় তিনি সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছিলেন। বিচারপতিদের নির্দেশে সল্টলেকের ট্রাইব্যুনাল দুপুর ১২টার মধ্যে মামলার নিষ্পত্তি করে অবিলম্বে তাঁর নাম তালিকাভুক্ত করার নির্দেশ দেয়। এই রায়ে স্বস্তিতে জেলা কংগ্রেস শিবির।

২০১৬ সালের মানিকচকের জয়ী বিধায়ক মোত্তাকিনকে এবার রতুয়া থেকে প্রার্থী করেছে দল। এর আগে ফরাক্কার কংগ্রেস প্রার্থী মাহাতাব শেখের ক্ষেত্রেও একই ধরণের জটিলতা দেখা দিয়েছিল, যা ট্রাইব্যুনালের হস্তক্ষেপে মিটে যায়। পর পর দুই প্রার্থীর আইনি জট কাটায় নির্বাচনী লড়াইয়ের ময়দানে কোমর বেঁধে নামছে কংগ্রেস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *