সোনারপুরে বিজেপি ও সিপিএমে বড়সড় ভাঙন, ভোটের মুখে ঘর গুছিয়ে অক্সিজেন পেল তৃণমূল

নির্বাচনের দামামা বাজতেই উত্তপ্ত হয়ে উঠেছে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। তৃণমূল প্রার্থী হিসেবে লাভলি মৈত্রর নাম ঘোষণা হওয়ার পরপরই মঙ্গলবার রাজপুর টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরে। বিজেপি ও সিপিএম ছেড়ে আসা একঝাঁক সক্রিয় কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে শাসকদলে যোগদান করেন, যা ভোটের মুখে ঘাসফুল শিবিরকে বাড়তি অক্সিজেন দিচ্ছে।
এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে লাভলি মৈত্র জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পের জোয়ার দেখেই বিরোধী দলের কর্মীরা তৃণমূলে আসছেন। এই যোগদান পর্ব আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি দাবি করেন। বিজেপি ত্যাগী প্রাক্তন বুথ সভাপতি নিরুপম রায় এবং বাম কর্মী শেখর মান্না জানান, এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থেই তাঁরা সপরিবারে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক আগে এই গণ-যোগদান সোনারপুরে বিরোধীদের ওপর চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। লাভলি মৈত্রর নেতৃত্বে এই সাংগঠনিক শক্তিবৃদ্ধি তৃণমূলের জয়ের পথকে আরও সুগম করতে পারে। অন্যদিকে, ভোটের রণকৌশল সাজানোর আগেই ঘর ভাঙায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে পদ্ম ও বাম শিবির, যা জেলার রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।