সোনারপুরে মেলায় রক্তক্ষয়ী তাণ্ডব বাইক পার্কিং নিয়ে রণক্ষেত্র দোলতলা আহত বহু

রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের দোলতলায় বার্ষিক মেলা চলাকালীন ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটল। সামান্য বাইক পার্কিংকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয়। লোহার রড, ক্রিকেটের উইকেট এবং লাঠি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় মেলায় ভিড় বাড়ার সময় এক ব্যক্তির বাইক রাখা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। কথাকাটাকাটি থেকে শুরু হওয়া এই ঝামেলা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, আচমকাই একদল যুবক রড ও লাঠি নিয়ে মেলার ভেতর ঢুকে পড়ে তাণ্ডব চালায়। এই হামলায় সঞ্জয় সাউ, সোমা ঘোষ, দেবাশিস দাস ও ঋতুপর্ণা ঘোষ সহ বেশ কয়েকজন রক্তাক্ত হন। মহিলাদের হেনস্থা করার অভিযোগও উঠেছে।
ঘটনার খবর পেয়ে সোনারপুর থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এই ঘটনায় দু’পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিশ্বর মাইতি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, শাসকদলের স্থানীয় নেতৃত্বের দাবি, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ এবং এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। উৎসবের মরসুমে মেলার মতো জনবহুল স্থানে এমন রক্তক্ষয়ী সংঘর্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।