সোনারপুর দক্ষিণে টিকিট হারাচ্ছেন লাভলি মৈত্র মমতার নির্দেশে নামছেন নতুন প্রার্থী

সোনারপুর দক্ষিণে টিকিট হারাচ্ছেন লাভলি মৈত্র মমতার নির্দেশে নামছেন নতুন প্রার্থী

২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পছন্দে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী লাভলি মৈত্র। তবে আসন্ন নির্বাচনের আগে সমীকরণ বদলে যাওয়ার জোরালো ইঙ্গিত মিলছে তৃণমূলের অন্দরমহলে। বিশেষ সূত্রে জানা গেছে, ধর্মতলায় ধরনা মঞ্চে অবস্থানকালীন খোদ নেত্রী লাভলিকে জানিয়ে দিয়েছেন যে, আগামীতে ওই আসনে তাঁকে আর টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না।

তৃণমূলের অভ্যন্তরীণ সূত্রে দাবি করা হয়েছে, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে স্থানীয় নেতৃত্বের একাংশের সঙ্গে লাভলির দূরত্ব এবং গোষ্ঠী কোন্দল দলের অস্বস্তি বাড়িয়েছে। সম্প্রতি রাজপুর সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে লাভলির নামে দেওয়াল লিখন শুরু হলেও দলের নির্দেশে তা দ্রুত মুছে ফেলা হয়। ধরনা মঞ্চে নেত্রীর মুখে টিকিট না পাওয়ার কথা শুনে লাভলি মৈত্র আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যদিও লাভলি মৈত্র এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন। তাঁর মতে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কেবল ব্যক্তিগত ও পারিবারিক বিষয়েই কথা হয়েছে।

এদিকে লাভলিকে টিকিট না দিলে সোনারপুর দক্ষিণে ঘাসফুল শিবিরের ‘পরিবর্ত খেলোয়াড়’ কে হতে পারেন, তা নিয়ে চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ শুভাশিস চক্রবর্তীকে এই আসনে প্রার্থী করা হতে পারে। দলের শীর্ষ নেতৃত্ব তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বেই শুভাশিস চক্রবর্তীকে প্রয়োজনীয় ইঙ্গিত দিয়েছেন বলে খবর। ফলে সোনারপুর-রাজপুর এলাকায় তাঁর সক্রিয়তা লক্ষ্যণীয়ভাবে বেড়েছে। অন্যদিকে লাভলি মৈত্রকে অন্য কোনো আসনে প্রার্থী করা হতে পারে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কালীঘাট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *